
বিহারের সিওয়ানে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে হর্ষ সিং হত্যাকাণ্ডে অভিযুক্ত সোনু যাদবের। পুলিশের দাবি, সোনু এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। ঘটনার পর থেকে পলাতক ছিলেন। যদিও দু’দিন আগেই পুলিশের এনকাউন্টারে এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত তথা সোনুর সঙ্গী ছোটু যাদব আহত হন।
তার পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ছোটুকে ধরতে পারলেও সোনুর হদিস মিলছিল না। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকটি দল গঠন করে সোনুর খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। রবিবার ভোরে সরেয়া গ্রামে সোনুর হদিস পায় পুলিশ। তার পরই পুলিশের বেশ কয়েকটি দল ওই গ্রামে অভিযান চালায়। পুলিশ যেতেই তাদের লক্ষ্য করে সোনু গুলি চালাতে শুরু করেন বলে দাবি। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে লড়াইয়ে সোনু গুলিবিদ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।








