
বিহারে বজ্রাঘাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ জন। বুধবার মারা যান ১৩ জন। বৃহস্পতিবার আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনা গোটা রাজ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে, মৃত্যু ঘিরে শোকের আবহে বিরোধী দলগুলির অভিযোগ, নীতিশ কুমারের সরকার মৃতের প্রকৃত সংখ্যা চেপে যাচ্ছে। বিরোধী দলনেতা তেজস্বী যাদবের দাবি বজ্রাঘাতে মারা গিয়েছেন ৫৫-জন।
এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আবহাওয়া অফিস রাজ্যবাসীকে খোলা আকাশের নীচে না থাকার পরামর্শ দিয়েছে। মৃতদের বেশিরভাগই গ্রামের বাসিন্দা এবং কৃষক। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবার পিছু চার লাখ টাকা করে এককালীন অর্থ সাহায্যের নির্দেশ দিয়েছেন। তিনদিন ধরে কেন লাগাতার বজ্রপাত হচ্ছে, তার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি।





