ছত্তীশগড়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১

0
114
ছবি সৌজন্যে : এক্স
ছত্তীশগড়ের বিলাসপুরে মালগাড়ির ওপর লোকাল ট্রেনের কামরা উঠে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালের এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।
ফলে ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা এখনও বোঝা যাচ্ছে না। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ গেবরী রোড এবং বিলাসপুরের মাঝে লালখাদানের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রিবাহী ট্রেনটি সে সময় বিলাসপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি যে লাইনে ছিল, সেখানে আগে থেকেই একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। তখনই লোকাল ট্রেনটি পিছন থেকে এসে সজোরে মালগাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রিবাহী ট্রেনটির একাংশ। দুমড়েমুচড়ে যায় ট্রেনের ইঞ্জিন। কয়েকটি কামরা লাইনচ্যুতও হয়।
তবে ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে রেল। রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে রেলওয়ে নিরাপত্তা কমিশনার পর্যায়ে তদন্ত হবে।