
ইউক্রেন জুড়ে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনের দাঁড়িয়েছে। এসব হামলায় আহত হয়েছেন আরো অনেকে। এর মধ্যে কিয়েভের পশ্চিমের শহর ঝিটোমিরে তিন শিশু নিহত হয়েছে, সেইসঙ্গে দক্ষিণের শহর মাইকোলাইভে ৭০ বছর বয়সি এক বৃদ্ধও নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, শনিবার রাত ৮টা ৪০ মিনিট থেকে তারা ৪৫টি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে এবং ২৬৬টি ড্রোন ধ্বংস করেছে। তারা বলেছে, ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল এই রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবাহিনী বলেছে, হামলায় ২২টি স্থানে আঘাত লাগে এবং ১৫টি এলাকায় ড্রোন ও মিসাইল পড়ে। কিয়েভ অঞ্চলে চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছে, যার মধ্যে তিনজন শিশু। অনেক ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
