
গোয়ার নাইটক্লাবে রাতের পার্টি চলাকালীন আচমকা সিলিন্ডার ফেটে আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। অধিকাংশই ওই নৈশক্লাবের কর্মী এবং ঘটনার সময় আটকে পড়েছিলেন রান্নাঘরে। তবে মৃতদের মধ্যে তিন থেকে চার জন পর্যটকও রয়েছেন বলে কয়েকটি সূত্রের দাবি।
এই ঘটনায় অনেকে আহত হয়েছেন। জানা গিয়েছে, শনিবার রাত ১২টার পরে সেখানে আচমকা আগুন লেগে যায়। তখন রাতের অনুষ্ঠান চলছিল। ক্লাবে অনেক পর্যটকও ছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই এমন অগ্নিকাণ্ড। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। আগুন লাগার খবর পেয়ে সাধারণ মানুষ এবং অধিকাংশ পর্যটককে ক্লাব থেকে নিরাপদে বার করে আনা হয়।
কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। দমকলের একাধিক ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেবাতে রবিবার ভোর হয়ে গিয়েছিল। মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
