নাইজারে ভয়াবহ বন্যায় বাড়ছে মৃত্যু  

0
125
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও ৫০ হাজারেরও বেশি মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।
নাইজারের সিভিল প্রটেকশন দফতরের তথ্য অনুযায়ী, বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দফতরের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং অন্য ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৭০ জন এবং বন্যায় ২৫৭টি গবাদিপশু মারা গেছে।
বন্যা প্রতিরোধে জাতীয় কমিটি জানিয়েছে, তারা ইতোমধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে। প্রাথমিকভাবে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের মতে, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ বরাদ্দ করেছে।