
বাংলাদেশের ঢাকায় স্কুলভবনে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় আরও বেড়েছে মৃতের সংখ্যা। বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক মহম্মদ সায়েদুর রহমান জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। অধিকাংশেরই বয়স ১২-র কম।
মৃতদের মধ্যে বাকি দু’জন হলেন বিমানটির পাইলট এবং ওই স্কুলের এক শিক্ষিকা। ওই সাংবাদিক বৈঠকে চিকিৎসক সায়েদুর জানিয়েছেন, ইতিমধ্যেই ২০ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসীন রয়েছেন ৭৮ জন। সব মিলিয়ে আহতের সংখ্যা অন্তত ১৭০ বলে জানিয়েছেন তিনি। দগ্ধ শিশুদের জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক রক্তদাতা রয়েছেন।
তবে নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগতে পারে বলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। ওড়ার ১২ মিনিটের মধ্যেই দুর্ঘটনা ঘটে। রাত গড়িয়ে যাওয়ার পরেও উদ্ধারকাজ চলে ওই স্কুলে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে আছেন কি না, তারই খোঁজ চলে।
