
তামিলনাড়ুতে বাজি কারখানায় তীব্র বিস্ফোরণে নিহত কমপক্ষে ১৩ শ্রমিক। আহত হয়েছেন আরও ছ’জন।
তামিলনাড়ুর বিরূধুনগর জেলার কট্টনারপট্টী গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বাজি কারখানার ভিতরে চারটি ইউনিট ছিল। রবিবার সেখানে বাজি তৈরির কাজ চলার সময় তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই অন্ততপক্ষে ১৩ জন মারা যান। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। ধোঁয়ার কুণ্ডলী প্রায় আকাশ ছুঁয়ে ফেলার উপক্রম হয়েছে।
একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্ফোরণস্থল। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।









