গুজরাটে ব্রিজ ভেঙে মৃত বেড়ে ১৫

0
193
ছবি সৌজন্যে : এক্স
গুজরাটের ভদোদরায় সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। এখনও পর্যন্ত নদী থেকে উদ্ধার করা হয়েছে ৯ জনকে। ভদোদরার জেলাশাসক অনিল ধামেলিয়া জানিয়েছেন, দুর্ঘটনার পর নদীতে উদ্ধারকাজ শুরু হয় দ্রুত। সকলকে জল থেকে তোলা হয় কিন্তু তাও ১৫ জনের মৃত্যু ঠেকানো সম্ভব হয়নি।
বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও বেশি। এদিকে, ব্রিজ ভেঙে পড়তেই আরও জোরালো হচ্ছে প্রশাসনের গাফিলতির তত্ত্ব। যে কোনও সময় যে ওই সেতুটি ভেঙে পড়তে পারে, তা কয়েক বছর আগেই জানানো হয়েছিল গুজরাট সরকারকে। অভিযোগ উঠছে, এত কিছু হওয়ার পরেও কোনও হেলদোল ছিল না প্রশাসনের।
সেতুর জীর্ণ দশা নিয়ে ২০২২ সাল থেকে দফায় দফায় প্রশাসনকে চিঠি পাঠানো হয়। মোরবীতে সেতু বিপর্যয়েরও আগে থেকে সাবধান করা হচ্ছিল এই সেতুটি নিয়ে। কর্তৃপক্ষ ভাল ভাবেই জানতেন, ওই সেতুকে ভেঙে পড়তে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল কোনও পদক্ষেপই করা হয়নি।