
বন্যায় বিপর্যস্ত অসমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮। অসমের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
যার জেরে আরও তিন জনের মৃত্যু হয়েছে রাজ্যে। ফলে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮।এখনও রাজ্যের ২৩টি জেলা জলমগ্ন হয়ে রয়েছে। প্রায় সাড়ে ১১ লাখ মানুষ প্রভাবিত হয়েছেন। অন্যদিকে, উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীগুলির জলস্তর বেড়ে চলেছে। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে নদীগুলির জল।এরমধ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। মৌসম ভবন জানিয়েছে, দিল্লির বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে আবারও একটা আতঙ্ক তৈরি হচ্ছে রাজধানীতে। কারণ গত সপ্তাহেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত হয় দিল্লির অধিকাংশ এলাকা। দিল্লির পাশাপাশি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ৫-৭ জুলাইয়ের মধ্যে পূর্ব উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে, অসম এবং অরুণাচল প্রদেশে ৫-৭ জুলাইয়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
