চেন্নাই এয়ার শো-তে  মৃত বেড়ে ৫, তরজা  

0
177
চেন্নাইয়ে এয়ার শোতে  ভিড় এবং অত্যধিক গরমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫।বায়ুসেনার ৯২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এয়ার শো-র আয়োজন করা হয়েছিল চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে।
কিন্তু ভিড় এবং অত্যধিক গরমের কারণে সেখানেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। রবিবার জানা গিয়েছিল, অসুস্থ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ। এখনও হাসপাতালে চিকিৎসাধীন দুই শতাধিক মানুষ। আর এই ঘটনার পরেই ভিড় নিয়ন্ত্রণ নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা শুরু হয়েছে।গোটা ঘটনার জন্য তামিলনাড়ুর ডিএমকে সরকার এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে দায়ী করেছে বিরোধী বিজেপি এবং এডিএমকে। রাজ্যের বিজেপি সভাপতি আন্নামালাই জানিয়েছেন, রাজ্য সরকার মানুষের ন্যূনতম নিরাপত্তার কথাও ভাবেনি। মানুষ প্রয়োজনীয় পরিষেবা পায়নি। প্রয়োজনের তুলনায় অনেক কম যানবাহন চালানো হয়। এই আবহে ডিএমকে নেত্রী কানিমোঝি জানিয়েছেন, অনিয়ন্ত্রিত ভিড় এড়ানো যেত। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এমএ সুব্রহ্মণ্যম অবশ্য জানিয়েছেন, বায়ুসেনার আর্জি মেনে প্রয়োজনীয় সব পদক্ষেপই করেছিল প্রশাসন।