
বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
আগামী ২২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে। সরকারি আইনজীবী ওমর ফারুক জানিয়েছেন, ভাটারা থানায় নুসরাতের বিরুদ্ধে যে হত্যাচেষ্টার মামলা করা হয়েছিল, তার প্রেক্ষিতে নায়িকাকে সংশোধনাগারে আটক রাখার আবেদন করা হয়েছিল।
উভয় পক্ষের সওয়ালের পর আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ঘটনাচক্রে দুই বাংলার সিনেমার নায়িকার চরিত্রে পরিচিত মুখ নুসরাত মুজিব: দ্য মেকিং অব আ নেশন জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। রবিবারই থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়েছিল।
