
উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
একই সঙ্গে খালেদা জিয়ার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভায় তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে করা হয় এবং জাতির কাছে তাঁর জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়। এই বিষয়ে খালেদা জিয়ার পরিবার এবং দলও অবগত রয়েছে।








