
নগদ বিতর্কের মধ্যেই এবার বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, ২০ এবং ২৪ মার্চের বৈঠকে বিচারপতি বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর সুপারিশ করা হয়। কলেজিয়ামের এই সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়ে গিয়েছে রাজধানীতে। এলাহাবাদের হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা অবশ্য এই সিদ্ধান্তের বিরোধীতা করেছেন। তাঁদের অভিযোগ, এটা কোনও ভাগাড় নয়।
সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছেন, এই বদলি এবং বিচারপতির ঘর থেকে নগদ টাকা মেলার তদন্তের থেকে আলাদা। দিল্লি হাইকোটে তার এজলাসে চলা আগের মামলাগুলির শুনানি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। উল্লেখ্য, বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআর রুজু করার আর্জি নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।
পাশাপাশি নগদকাণ্ডের অনুসন্ধানের জন্য তিন হাইকোর্টের বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম। সুপ্রিম কোর্টের আইনজীবী ম্যাথিউজ নেদুমপারার দায়ের করা জনস্বার্থ মামলায় ওই কমিটি গঠনের নির্দেশকেও চ্যালেঞ্জ করা হয়েছে।






