বাড়ি থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হুগলির উত্তরপাড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ৬৩-র আরতি পাল। জানা গিয়েছে, বৃদ্ধা উত্তরপাড়া ১২ নম্বর ওয়ার্ডের কেসিএম সরণির একটি বাড়ির দোতলা বাড়িতে একাই থাকতেন।
বছর পাঁচেক আগে তাঁর ছেলে মারা যায়। দেড় বছর আগে তাঁর স্বামীও মারা গিয়েছেন। বৃদ্ধার এক আত্মীয় জানান, বেশ কয়েকদিন তিনি এলাকার বাইরে ছিলেন। শনিবার দুপুরে ছাদ থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। তা থেকেই সন্দেহ হয়।
এরপর তিনি স্থানীয় লোকদের জানালে,পুলিশে খবর দেওয়া হয়। এরপর উত্তরপাড়া থানার পুলিশ ওই বৃদ্ধার ঘরের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।
