
তিন সপ্তাহ নিখোঁজ থাকার পর তরুণীর পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী বছর ২০-র সাবনুর খাতুনের বাড়ি করণদিঘি থানার পূর্ব ফতেপুর এলাকায়।
পরিবারের লোকজনের দাবি, তাদের মেয়েকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল ওই তরুণী। ১৫ ডিসেম্বরে পরিবারের সদস্যরা প্রথমে নিখোঁজ ডাইরি করে করণদিঘি থানায়। ফের পরিবারের সদস্যরা ২০ ডিসেম্বরে করণদিঘি থানায় অপহরণের মামলা দায়ের করেন। এরপর করণদিঘি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে রেজাউল নামে এক যুবককে গ্রেফতার করে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়ার পর পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে নেন ওই যুবক।
এরপর বুধবার রাতে চোপড়ার ডুমডাঙ্গি এলাকায় একটি কালভার্টের নিচে থেকে ওই তরুণীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
