গডকরীকে ই২০ পেট্রল বিতর্কে জড়িয়ে ডিপফেক

0
15
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ইথানল মিশ্রিত পেট্রল,ই২০ প্রকল্পের লাভ তাঁর ঘরে যাচ্ছে দাবি করে তৈরি হচ্ছে ডিপফেক ভিডিয়ো, এআই নির্মিত কনটেন্ট,এই নিয়ে অভিযোগ জানিয়ে এ বার বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন নিতিন গডকরী। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীকে এই অভিযোগ সংক্রান্ত পিটিশন দায়ের করার অনুমতি দিয়েছে বম্বে হাই কোর্ট।

হাই কোর্ট জানিয়েছে, তাঁকে জড়িয়ে অবমাননাকর ভিডিয়ো, এআই দিয়ে তৈরি কনটেন্ট প্রকাশের অভিযোগে মেটা, গুগল এলএলসি, এক্স-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে মামলা করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী।নিতিন ইথানল মিশ্রিত পেট্রলের পক্ষে বার বার সওয়াল করেছেন।তাঁর এই অবস্থানকে পরিবারের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে জুড়ে সোশ্যাল মিডিয়ায় নানা দাবি করা হচ্ছে। সেই অভিযোগ অবশ্য গডকরী অস্বীকার করেছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীর ছেলেদের ইথানলের ব্যবসা রয়েছে।

এই নিয়ে নেটপ্রভাবীরা ভিডিয়ো, কনটেন্ট তৈরি করে তাঁকে আক্রমণ করছেন বলে কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ। এ বার সেই অভিযোগ জানিয়ে বম্বে হাই কোর্টে লিভ পিটিশন দাখিল করেছেন নিতিন গডকরী। যেহেতু এই ভিডিয়ো, ডিপফেক তৈরি এবং প্রচার শুধু বম্বে হাই কোর্টের দায়রার মধ্যে হয়নি, তাই লেটার্স পেটেন্টের ১২ নম্বর ক্লজ়ের অধীনে লিভ পিটিশন দাখিল করেন তিনি। তাঁর আইনজীবী সন্দীপ এস লাড্ডা কোর্টে জানিয়েছেন,এই ইথানল মিশ্রিত পেট্রলের নীতি নির্ধারণের বিষয়টি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের আওতাধীন। তার পরেও তাঁর মক্কেলকে নিশানা করে ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে।