
মহিলা ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের,আইসিসি-র নতুন মাতৃত্বকালীন নির্দেশিকার মন খুলে প্রশংসা করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
এই উদ্যোগটিকে খেলাধুলার জগতে মহিলাদের জন্য একটি যুগান্তকারী ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি। বর্তমানে দীপিকা ও রণবীর সিং তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।মা হতে যাওয়া অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে আইসিসির নতুন এই নীতির একটি খবর শেয়ার করে এর গুরুত্ব তুলে ধরেন। ২০২৬ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আইসিসি মূলত মা হওয়ার পর মহিলা ক্রিকেটারদের খেলায় ফেরার প্রক্রিয়া সহজ করতে এই আনুষ্ঠানিক নিয়ম চালু করেছে।আইসিসি জানিয়েছে, সন্তান জন্মদানের পর একজন মহিলা ক্রিকেটার যেন সহজেই আবার মাঠে ফিরতে পারেন, সে জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে।এই নতুন নীতির মূল বিষয়গুলো হলো চিকিৎসা ও মানসিক সেবা, ব্যক্তিগত পুনর্বাসন পরিকল্পনা, শিশু পরিচর্যা ও যাতায়াত সহায়তা, চুক্তির নিশ্চয়তা। ক্রিকেট কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—কোনো মহিলা ক্রীড়াবিদকে যেন মা হওয়া এবং নিজের ক্যারিয়ারের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বাধ্য হতে না হয়। উল্লেখ্য ,কাজের জায়গা নারীবান্ধব ও সুস্থ রাখা নিয়ে দীপিকা পাড়ুকোন সব সময়ই সোচ্চার। এর আগেও তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত মহিলাদের মানসিক স্বাস্থ্য, আট ঘণ্টার সুনির্দিষ্ট কর্মঘণ্টা ও পারিবারিক সহায়তার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।এবার খেলাধুলার জগতেও মহিলাদের অধিকার নিশ্চিত হওয়ায় তিনি এই উদ্যোগকে স্বাগত জানালেন।আইসিসি মেডিকক্যাল অ্যাডভাইজরি কমিটির তৈরি করা এই কাঠামোটি ক্রিকেটের ইতিহাসে প্রথম এমন কোনো উদ্যোগ।
এটি মোট ছ’টি ধাপে কাজ করবে, যা একজন খেলোয়াড়কে সুস্থ হয়ে ধীরে ধীরে মূল প্রতিযোগিতায় ফিরতে সাহায্য করবে। আইসিসি চায় মাঠের ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই যেন মহিলা খেলোয়াড়রা সমান সুযোগ পান।
