অস্থির বাজারেও ১৫% বাড়ল প্রতিরক্ষা স্টক

0
125
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

দিনভর শেয়ার বাজারে অস্থিরতার মধ্যেই লাফিয়ে বৃদ্ধি পেয়েছে  প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলির স্টকের দর। সর্বাধিক বৃদ্ধি পায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের শেয়ারের দাম।

১৪.৯ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির স্টক। ফলে বম্বে স্টক এক্সচেঞ্জে বিএসই-র দাম ১ হাজার ৪০০ টাকা ছাপিয়ে গিয়েছে। অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দাম বৃদ্ধির নেপথ্যে প্রতিরক্ষা সচিবের একটি মন্তব্যকে দায়ী করেছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম। সোমবার, ১৭ ফেব্রুয়ারি তিনি বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতিতে আরও শীথিলতা আনবে সরকার। এ ছা়ড়া প্রতিরক্ষা শিল্পের লাইসেন্স প্রক্রিয়াকে সহজ করার প্রতিশ্রুতি দিতেও শোনা যা তাঁকে। তাঁর ওই মন্তব্যের পরই হু হু করে বাড়তে থাকে অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের সূচক। ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন ডেটা প্যাটার্নসের স্টকের দর ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই ভাবে ভারত ডায়নামিক্স এবং জেন টেকনোলজিসের শেয়ার যথাক্রমে ৯.১ এবং ১০ শতাংশ দামি হয়েছে।

এই তিন সংস্থার এক একটি স্টকের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৩১ টাকা, ১ হাজার ১০২ টাকা এবং ১ হাজার ৬৮.৬৫ টাকা। ডিসিএক্স সিস্টেমস এবং মাজগাঁও ডক শিপবিল্ডার্সের শেয়ার দিনের মধ্যে সর্বোচ্চ দরের ক্ষেত্রে রেকর্ড অঙ্ক ছুঁয়ে ফেলে বলে জানা গিয়েছে।