
নয়াদিল্লিতে শুক্রবার সকালেই সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, এবং সেনা, নৌ ও বায়ুসেনা প্রধানরা।
সূত্রে খবর, মূলত ভারতের অপারেশন সিঁদুর-এর সাফল্য এবং পাকিস্তানের পাল্টা আক্রমণের প্রেক্ষিতে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের জন্যই এই বৈঠক। এর আগেও বৃহস্পতিবার রাতে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ দ্বিতীয় দফায় পাকিস্তানের তরফে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। লক্ষ্য ছিল রাজস্থান, গুজরাট এবং পাঞ্জাবের একাধিক জায়গা। জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সেনা ঘাঁটিও টার্গেট ছিল পাকিস্তানের। ভারতীয় সেনাবাহিনীর দ্রুত পাল্টা জবাব দিয়েছে।








