
বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা।
সূত্রের খবর, ভোটমুখী বাংলাদেশের পরিস্থিতি বিচার করেই এই পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। তবে এ-ও জানানো হয়েছে, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে। সেখানে কাজও চলবে। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। সেখানে মাঝেমধ্যেই হিংসার ঘটছে। এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রক সেখানে হাই কমিশন, সহকারী হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরামর্শ দিয়েছে বলে সূত্রের খবর। ঢাকায় ভারতের হাই কমিশন রয়েছে।
এ ছাড়াও গোটা বাংলাদেশে আরও চারটি সহকারী হাই কমিশন রয়েছে নয়াদিল্লির। চট্টগ্রাম, রাজশাহি, সিলেট, খুলনায় রয়েছে সেগুলি। সূত্রের খবর, সেখানে কর্মরত ভারতীয় কর্মীদের পরিজনদেরই দেশে পাঠিয়ে দিতে বলা হয়েছে।
