
টানা চারদিন যাবৎ দিল্লির বায়ুদূষণ মাত্রা মারাত্মক আকারেই রয়েছে। দিল্লি ছাড়াও সংলগ্ন নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও এনসিআরেও বিষাক্ত বাতাসে ভরে রয়েছে আকাশ।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে বাতাসের গুণগত মান ছিল শাদিপুরে ৪৫৭। যা মারাত্মকের থেকেও বেশি।এছাড়া নারেলা ৪৪৯, ওয়াজিরপুর ৪৪১ এবং জাহাঙ্গিরপুরীতে বায়ুদূষণের সূচক ছিল ৪৪৫। এই অবস্থায় দিল্লির প্রবল দূষণে প্রাথমিক স্কুল অনলাইনে চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বৃহস্পতিতে। শুক্রবার অফিস টাইমেও বদল আনে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী শুক্রবার সরকারি অফিসের পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেন। শহরের খারাপ থেকে খারাপ হতে চলা দূষণ পরিস্থিতির জেরে নাকাল দিল্লির আম আদমি পার্টির সরকার। দিল্লির দূষণ যখন মারাত্মক আকার নিয়েছে, তখন আজারবাইজানের বাকুতে চলা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ।
সিওপি২৯ অথবা কপ২৯-এর বৈঠকে ভারতকে দূষণকে রোধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। স্বল্পস্থায়ী দূষণ কমানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করেছেন বিশ্বের পরিবেশবিদরা।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
