
পশ্চিমবঙ্গে দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত হতেই রাজ্যে তো বটেই, রাজ্যের বাইরে দিল্লিতেও শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস। তৃণমূলকে হারিয়ে প্রথমবারের মতন ক্ষমতায় আসছে বিজেপি।
সকাল থেকেই উচ্ছ্বাসের ছবি দেখা গিয়েছে দিল্লিতে বিজেপির সদর দফতরে। ব্যান্ড পার্টি-ঝালমুড়ি সহযোগে মাতোয়ারা হয়েছেন বিজেপি কর্মীরা। কোথাও মিষ্টি খাওয়ানো হচ্ছে, কোথাও ঝালমুড়ি খাওয়ানো হচ্ছে। নরেন্দ্র মোদীর কাটআউট হাতে আবীর মাখছেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার পশ্চিমবঙ্গে এসেছেন ভোট প্রচারে। কর্মীদের মনোবল বাড়াতে বারবার বার্তা দিয়েছেন তাঁরা।একেবারে বিজেপি কার্যালয়ের ভিতরেই বসে গিয়েছে ঝালমুড়ির স্টল। হাতে হাতে উঠে যাচ্ছে সেই ঝালমুড়ির প্লেট৷ উচ্ছ্বাসে, আনন্দে সেই স্বাদ আস্বাদন করছেন বিজেপি কর্মীরা৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজর বাংলার দিকেই। ইতিমধ্যেই সদর দফতরে ভোজের প্রস্তুতি জোরদার।
৪০০-৫০০ জনের খাবারের আয়োজনে রয়েছে বাঙালির মিষ্টি দই, রসগোল্লা। সঙ্গে ঝালমুড়ির স্টল৷





