
কড়া শীতের মধ্যেও দিল্লি-সহ উত্তর ভারতে ধোঁয়াশার দাপট অব্যাহত। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে গিয়েছে শূন্যে। যার জেরে বুধবার সকালেও রাজধানীতে পরিবর্তন করতে হয়েছে একাধিক বিমানের সময়সূচি।
বাতিল করা হয়েছে ৭টি বিমান। বিমানবন্দরের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, যে বিমানগুলি সিএটি-৩ এর আওতায় পড়ে না, সেই বিমানগুলির ক্ষেত্রে ওঠানামায় দেরি হতে পারে। নয়াদিল্লি রেলওয়ে স্টেশন, শঙ্কর বিহার এবং উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাগুলিতেও দৃশ্যমানতা কমে গিয়েছে। যার জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবাও। মঙ্গলবারও কুয়াশার কারণে দিল্লি আসা-যাওয়ার একাধিক উড়ানের সময়সূচি বদলানো হয়েছিল। বিলম্বিত হয়েছিল অন্তত ৩৯টি ট্রেন।
চলতি সপ্তাহের শুরুতেই দিল্লি ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আগামী কয়েক দিন কুয়াশার দাপট চলবে। ভোগান্তি এড়াতে যাত্রীদের রেল এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।
