
দূষণ রুখতে এবার দীপাবলিতে দিল্লিতে সব ধরনের বাজি নিষিদ্ধ করেছে সরকার। ১ জানুয়ারি পর্যন্ত রাজধানীতে বাজি উৎপাদন, জমা করে রাখা, বিক্রি, সবটাই নিষিদ্ধ করা হয়েছে। দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটির তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাজি উৎপাদন, জমিয়ে রাখা, বিক্রি এবং পোড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।
বিজ্ঞপ্তিটি এক্স-এ পোস্ট করেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়। তিনি জানিয়েছেন, শীতকালে দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। সে কারণে বাজি পোড়ানো, উৎপাদন, বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে দিল্লিবাসীর সহযোগিতা চেয়েছেন মন্ত্রী। প্রতি বছর শীত পড়ার মুখে, দশেরার পর থেকে দিল্লিতে বাতাসের গুণমান খারাপ হতে শুরু করে। সোমবার সকালে দিল্লিতে বাতাসের গুণমানের সূচক ছিল ৩৭০।
রবিবার, দশেরার দিন বিকেল ৪টের সময় একিউআই ছিল ২২৪। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। প্রয়োজন বুঝে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান মেনে দূষণ-বিরোধী পদক্ষেপ করা হবে।
ছবি সৌজন্যে – এক্স
