
ইন্ডিগো বিপর্যয়ে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিলকে সঙ্কট বলে উল্লেখ করছে আদালত। আর এই সঙ্কটে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছে হাইকোর্ট। ইন্ডিগো বিপর্যয়ের মধ্যে অন্য বিমানসংস্থাগুলির ভাড়া বৃদ্ধির বিষয়ে উদ্বেগপ্রকাশ করেছে আদালত।
বিমানসংস্থাগুলি টিকিটের ভাড়া ৪০ হাজার পর্যন্ত বাড়িয়ে দিল, আর তা নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে দিল্লি হাইকোর্ট। বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি গেদেলার বেঞ্চে ইন্ডিগো মামলার শুনানি ছিল। সেই শুনানিতে কেন্দ্রকে বিচারপতির প্রশ্ন, যদিও কোনও সঙ্কট দেখা দেয়, তা হলে অন্য বিমানসংস্থাগুলিকে কী ভাবে সুবিধা নেওয়ার অনুমতি দিতে পারে? কী ভাবে বিমানভাড়া ৩৫-৪০ হাজার পর্যন্ত বাড়তে পারে? কী এমন ঘটতে পারে? বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের ভূমিকার প্রশংসা করলেও কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।
বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা আদালতে পড়ে শোনান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। এ ছাড়াও বিপর্যয়ের কারণ, ইন্ডিগোর ভূমিকা খতিয়ে দেখতে চার সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।









