
আবগারি দুর্নীতির মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।
বিচারপতি স্বর্ণকান্তা শর্মা আপ নেতা মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে জানিয়েছেন, ধৃত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী একজন প্রভাবশালী ব্যক্তি এবং তাঁর বিরুদ্ধে দিল্লির আবগারি দুর্নীতি মামলার বিভিন্ন তথ্যপ্রমাণ ধ্বংসের অভিযোগ উঠেছে ইতিমধ্যে। তাই আবগারি দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করা হচ্ছে।দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। এই মামলায় গ্রেফতার হয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং। চলতি বছরের এপ্রিলে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। চলতি বছরের ২১ মার্চ এই আবগারি দুর্নীতিকাণ্ডেই গ্রেফতার হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।১০ মে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটে প্রচারের সুযোগ দিতেই ১ জুন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
