
গরমের দাপট শেষে অবশেষে ভারী বৃষ্টিতে ভাসছে দিল্লি। গত কয়েক দিন ধরে রাজধানী এবং সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে অনেক জায়গাতেই জল জমে গিয়েছে। কোথাও হাঁটুসমান, কোথাও গোড়ালিসমান জল। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
বৃষ্টির জেরে যানজটও বেড়েছে। ফলে পথচারীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। রাজধানীর অনেক জায়গায় গাছ উপড়ে গিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা রোহিণী এলাকায়। সেখানে বৃষ্টির জেরে পাঁচতলা একটি বাড়ি ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ময়ূরবিহারে ,১০৩ মিলিমিটার। তার পর দিল্লি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, লোধী রোড, সফদরজং,পালম। জলমগ্ন হয়ে পড়েছে বুরারী, সদর বাজার, সঙ্গমবিহার এবং মেহরৌলি-বদরপুর রোড।দিল্লি ছাড়াও বৃষ্টির দাপট চলছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ, নয়ডা, মেরঠ এবং হরিয়ানার গুরুগ্রামে। দিল্লি-নয়ডা এক্সপ্রেসওয়েতে জল জমে যাওয়ার কারণে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতেও যান চলাচল প্রায় থমকে গিয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, ১০ জুলাই পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে,মুম্বইয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। ফলে বাণিজ্যনগরীর অনেক জায়গায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী। ট্রেন এবং বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। রেললাইন জলের তলায় চলে যাওয়ায় অনেক রুটে ট্রেন বাতিল করা হচ্ছে। নিচু এলাকগুলিতে জলস্তর বাড়তে থাকায় আতঙ্ক বাড়ছে।
