
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে আর বাধ্য করা যাবে না দিল্লি সরকারকে।শুক্রবার দিল্লি হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে দিল্লি ভোটের ঠিক আগে আগে সুপ্রিম কোর্টের রায়ে অক্সিজেন পেয়েছে আম আদমি পার্টি।
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হয়ে গেলেও পশ্চিমবঙ্গ এবং দিল্লি এই প্রকল্প কার্যকর করেনি। এই নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। গত মাসেই দিল্লি হাইকোর্ট জানিয়েছে, দেশের ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যখন আয়ুষ্মান ভারত চালু করেছে তখন দিল্লিতেও সেটা চালু হওয়া উচিত। আদালত দিল্লি এবং কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় ৫ জানুয়ারির মধ্যে রাজধানীতে আয়ুষ্মান ভারত চালুর জন্য প্রয়োজনীয় মৌ স্বাক্ষর করতে হবে। কিন্তু দিল্লির আপ সরকার সেই নির্দেশ না মেনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।
শুক্রবার সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, এভাবে সরকারকে নীতি নির্ধারণের ক্ষেত্রে নির্দেশ দিতে পারে না আদালত। কেন্দ্র-রাজ্য সম্পর্কের ব্যাখ্যাই বদলে দিচ্ছে আদালত। দিল্লি সরকারের সেই যুক্তি মেনে শীর্ষ আদালত দিল্লি হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে।
