
হাইপারলুপ টেস্ট ট্র্যাকের মাধ্যমে দিল্লি থেকে জয়পুর ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ৩০ মিনিটেই। এক্স পোস্টে ভিডিও শেয়ার করে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও লিখেছেন, রেলমন্ত্রক আইআইটি মাদ্রাজ-র সহযোগিতায় ভারতের প্রথম হাইপারলুপ পরীক্ষামূলক ট্র্যাক তৈরি করেছে। এর সাহায্যে, মাত্র ৩০ মিনিটে ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করা যাবে।
এর অর্থ দিল্লি থেকে জয়পুর, প্রায় ৩০০ কিলোমিটার পথ আধ ঘন্টারও কম সময়ে ভ্রমণ করতে পারবেন। অশ্বিনীর আরও মন্তব্য, সরকার-শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা ভবিষ্যতের পরিবহনে উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে।রেল মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত এই প্রকল্পটি আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে নির্মিত হয়েছিল।
হাইপারলুপ প্রকল্পটি আরও উন্নত করার জন্য আইআইটি মাদ্রাজকে দশ লক্ষ ডলারের তৃতীয় অনুদান দেওয়া হবে। রেলওয়ে শীঘ্রই প্রথম বাণিজ্যিক প্রকল্পটি হাতে নেওয়ার পরিকল্পনা করছে।








