
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। যার ফলে ৩৪ বছরের রেকর্ড ভেঙে এক ধাক্কায় অগাস্টে অনেকটাই নেমেছে তাপমাত্রা। শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। জানা যাচ্ছে, গত ৩৪ বছরে অগাস্ট মাসে রাজধানীর তাপমাত্রা ২৬-এর ঘরে নামেনি।
১৯৭৬ সালের আগস্ট মাসে শেষবার রাজধানীর তাপমাত্রা নেমেছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে রাজধানীতে। যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে বহু রাস্তাঘাট। ব্যাহত যান চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
প্রবল বৃষ্টিপাতের দেরিতে চলছে বহু বিমান। তবে এখনও পর্যন্ত কোনও উড়ান বাতিলের খবর পাওয়া যায়নি। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে প্রগতি ময়দান এলাকায়। এরপর তালিকায় রয়েছে সফদরজং, লোধি রোড এবং পুসা।








