
শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে দিল্লির এক উচ্চপদস্থ সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছেন উপরাজ্যপাল ভিকে সাক্সেনা।
বেআইনিভাবে নার্সিং হোম চালানোর অভিযোগে ওই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করতেও নির্দেশ দিয়েছেন তিনি।জানা গিয়েছে, আরএন দাস নামে ওই আধিকারিককে দিল্লির স্বাস্থ্য দপ্তর থেকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল। তাঁর অভিযোগ, ওই শিশু হাসপাতালটি ২০১৪র পর থেকে লাইসেন্স রিনিউ না করেই দিব্যি চলছিল। গোটা ঘটনা জেনেও কোনও ব্যবস্থা নেননি আর এন দাস। বরং হাসপাতালটি লাইসেন্সের জন্য আবেদন করলেও তাতে সাড়া দেননি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করতেও নির্দেশ দিয়েছেন ভিকে সাক্সেনা।প্রসঙ্গত, শনিবার রাতে আগুন লাগে দিল্লির ওই শিশু হাসপাতালে। ১২ জন সদ্যোজাতকে উদ্ধার করা সম্ভব হলেও জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৭ সদ্যোজাতের।
