
যমুনার জলে ইতিমধ্যেই রাজধানী দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার সতর্কতা জারি করা হয়েছে দিল্লি-এনসিআরে। অন্য দিকে, হরিয়ানার গুরুগ্রামেও পরিস্থিতি বেশ খারাপ। ভারী বৃষ্টি হওয়ায় বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে যমুনার জল যমুনা বাজার এবং লোকালয়ে ঢুকে পড়েছে।
কোথাও কোমর সমান, কোথাও হাঁটুসমান জল। ফলে আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেছেন। মঙ্গলবার যমুনার জল বিপদসীমা অতিক্রম করায় লোকালয়ে জল ঢুকতে শুরু করে। তবে এই পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। কারণ হরিয়ানায় হাতিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে। ফলে যমুনার জলস্তর আরও বৃদ্ধি পেয়েছে। দিল্লির নিচু এলাকাগুলিতে বন্যার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।
প্লাবিত হতে পারে এমন জায়গাগুলিতে তাই বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ২০৫.৩৩ মিটার হল বিপদসীমা। মঙ্গলবার সকালেই দিল্লিতে যমুনার জল ২০৫.৬৮ মিটার ছুঁয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আশঙ্কা প্রকাশ করেছেন যে, দিল্লিতে যমুনার জলস্তর ২০৭ মিটার বা তার বেশি পর্যন্ত পৌঁছোতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বতোভাবে প্রস্তুত প্রশাসন জানিয়েছেন তিনি।
