
দিল্লির দূষণ ঘিরে উদ্বেগের আবহে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। দূষণ মোকাবিলায় শুক্রবার সকাল ৮টা থেকেই কার্যকর হতে চলেছে তৃতীয় স্তরের সতর্কতা।
বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণও জারি করা হচ্ছে এই সতর্কতামূলক পদক্ষেপের আওতায়। এখনই প্রয়োজন নেই, এমন নির্মাণের কাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। কমে যাতে পারে বাসের সংখ্যাও। বিএস ৩-এর পুরনো সিরিজের পেট্রল গাড়ি এবং বিএস ৪-এর পুরনো সিরিজের ডিজেল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তায়।দিল্লি ও সংলগ্ন উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার আগ্রায় ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে তাজমহলের প্রবেশদ্বার থেকে সৌধ দেখা যাচ্ছিল না। দিল্লিতেও ছিল ধোঁয়াশার ঘন চাদর। এই অবস্থায় শুক্রবার থেকে একাধিক কড়াকড়ি জারি করা হচ্ছে। যদিও জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজকে এই কড়াকড়ির আওতার বাইরে রাখা হচ্ছে।
জিআরএপি ৩ কার্যকর থাকাকালীন রাস্তায় ধুলো নিয়ন্ত্রণে রাখতে আরও বেশি পরিমাণে জল ছেটানোর ব্যবস্থা করা হবে।
ছবি সৌজন্যে : এক্স
