
দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণের ঘটনায় এ বার প্রকাশ্যে এসেছে আরো একটি নতুন সিসিটিভি ফুটেজ। বৃহস্পতিবার বিস্ফোরণস্থলের অদূরে লাজপত রাই বাজার থেকে আরও দেহাংশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক এবং দিল্লি পুলিশের যৌথ দল। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায়, বিস্ফোরণের ঠিক আগে একটি মসজিদে ঢুকেছিলেন সেই ঘাতক গাড়ির চালক উমর উন-নবি। পুরনো দিল্লির ওই চত্বরে হেঁটেও বেরিয়েছিলেন। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য।ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।বৃহস্পতিবার প্রকাশ্যে আসা ওই ফুটেজে দেখা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পুরনো দিল্লির তুর্কমান গেট এলাকার ফৈজ-ই-ইলাহি মসজিদের দিকে ধীরপায়ে হেঁটে যাচ্ছেন উমর। কোনও দিকে না তাকিয়ে রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছেন তিনি, পরনে কালো পোশাক। মাঝে এক বার মাথা ডানদিকে ঘোরাচ্ছেন, তখনই সিসিটিভিতে তাঁর মুখ ধরা পড়ছে। তার পর ফের সামনে হেঁটে যাচ্ছেন তিনি। তার পর তাঁকে আর দেখা যায়নি।
তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণের আগে ওই মসজিদেই গিয়েছিলেন উমর— দিল্লিকাণ্ডের অন্যতম অভিযুক্ত। জানা গিয়েছে, উমরের গাড়িটি দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা ২৮ মিনিট পর্যন্ত পার্ক করা ছিল লালকেল্লার কাছে সুনেহরি মসজিদ পার্কিং লটে।








