
রাজধানী দিল্লির বায়ুদূষণ এ বছর নতুন মাত্রায় পৌঁছেছে। ২০২৫ সালে এখন পর্যন্ত একটি দিনও বিশুদ্ধ বাতাসের দেখা মেলেনি দিল্লিতে।
এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই সারা বছরই ৫০-এর উপরে থেকেছে। দীপাবলির পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নভেম্বরের ১১ তারিখে দিল্লির গড় একিউআই বেড়ে দাঁড়ায় ৪২৮ এ। যাকে গুরুতর দূষণ হিসেবেই বিবেচনা করা হয়। সোমবার উত্তর দিল্লির আশোক বিহার ও দক্ষিণের ময়দান গড়ি অঞ্চলে একিউআই ৭০০ ছুঁয়ে যায়।একে অতি বিপজ্জনক পর্যায় বলেই বিবেচনা করেন বিশেষজ্ঞরা।বলা হচ্ছে দূষণে দিশেহারা দিল্লির সাধারণ মানুষ শরণাপন্ন হচ্ছেন এয়ার পিউরিফায়ারের। প্রাণ রক্ষা করতে অন্তত ঘরের ভেতরের বাতাসটুকু পরিষ্কার রাখাই এখন তাদের একমাত্র চেষ্টা। শুধু মধ্যবিত্ত নয় নিম্ন আয়ের মানুষও এখন পিউরিফায়ারের দিকে ঝুঁকছেন। এদিকে পরিবেশবিদদের মতে, পিউরিফায়ার খুব সীমিতভাবে কাজ করে। পুরোপুরি বন্ধ ঘরে ঘণ্টার পর ঘণ্টা চালালে কিছুটা উপকার হতে পারে, কিন্তু এটি কোনোভাবেই শহরের সামগ্রিক দূষণ কমাতে পারে না। এর মধ্যেই,দূষণের প্রতিবাদে সোমবারও পথে নেমেছেন দিল্লিবাসী। রাজধানীর ইন্ডিয়া গেটের সামনে সকালে জড়ো হন বিক্ষোভকারীরা।
সোমবার সকালে বিক্ষোভের চেহারা অন্য রূপ নেয়। কিছু বিক্ষোভকারীর মুখে শোনা যায় মাওবাদী নেতা মাধবী হিডমাকে নিয়ে স্লোগান। কারও কারও হাতে হিডমা দীর্ঘজীবী হও পোস্টারও দেখা গিয়েছে। অভিযোগ, সেখানে মোতায়েন পুলিশকর্মীদের চোখে লঙ্কা গুঁড়ো স্প্রে ছিটিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তাকর্মীদের উপর হামলার অভিযোগে এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।






