
টানা আট দিন পরে বায়ুদূষণের বিষের মাত্রা কিছুটা কমে স্বস্তি দিয়েছে দিল্লিবাসীকে। দূষণের মাত্রা সামান্য কমলেও বাতাসের মান খুব খারাপ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার দিল্লি এবং সংলগ্ন এলাকায় সামগ্রিক ভাবে বাতাসের গুণগত সূচকের মান ৩৭৯। সকাল থেকে ধোঁয়াশাচ্ছন্ন থাকলেও গত ৮দিনের তুলনায় কিছুটা কম।
দিল্লি, এনসিআর সহ একাধিক এলাকায় স্বাস্থ্য নিয়ে চিন্তিত শহরবাসী। উল্লেখ্য, গত কয়েক দিনে দিল্লিতে বাতাসের মান ৪৫০-এর কাঁটা পেরিয়ে গিয়েছিলো। যা গুরুতর পর্যায়ে পড়ে। বুধবার দূষণের মাত্রা কমে দাঁড়িয়েছে ৪২২। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর তথ্য অনুযাযী, অতি ভয়ানক থেকে কমে দিল্লির দূষণের মান আপাতত খুব খারাপ পর্যায়ে রয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেও জাহাঙ্গিরপুরী, ওয়াজিরপুর মতো জায়গায় বাতাসের গুণগত সূচকের মান ৪৩৭ ছিল। দূষণের নিরিখে খুব পিছিয়ে নেই বাওয়ানা, অশোক বিহারও। সেখানেও এই মান ৪১৫-র উপরে রয়েছে। তবে দূষণ খানিক কমলেও এখনও ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি। দৃশ্যমানতা কম থাকার কারণে অন্তত ৯৭টি বিমান দেরিতে চলছে বলে জানা গিয়েছে। বেশ কিছু বিমান বাতিল করতে হয়েছে।






