
ভারতের গণতন্ত্র, সংখ্যালঘু অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ডাচ প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে কড়া জবাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরের সময় এই প্রসঙ্গ ওঠে, আর সেখানেই ভারতের তরফে স্পষ্ট জানানো হয়, ভারত এক প্রাণবন্ত গণতন্ত্র, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত।
নেদারল্যান্ডস সফরের সময় বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ সাংবাদিকদের বলেছেন, হয়তো ভারতের সম্পর্কে বোঝাপড়ার অভাব থেকেই এ ধরনের সংশয় তৈরি হয়েছে তাঁর। তিনি ভারতকে বিশ্বের সবচেয়ে জনবহুল, পাঁচ হাজার বছরেরও পুরনো সভ্যতার দেশ হিসেবে তুলে ধরে জানিয়েছেন, এই দেশের শক্তিই হল বৈচিত্র্য। জর্জ বলেছেন, ভারতে ভাষা, সংস্কৃতি, ধর্ম- সব ক্ষেত্রেই এক অসাধারণ বহুত্ব আছে। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ- চারটি প্রধান ধর্মের জন্ম এই দেশেই।পাশাপাশি ইহুদি ধর্মের ২ হাজার ৫০০ বছরের উপস্থিতি, খ্রিস্টধর্মের আগমন যিশুর পুনরুত্থানের পরপরই, আর ইসলামের আগমনও নবী মুহাম্মদের সময়- এসবই প্রমাণ করে, ভারত বহু যুগ ধরে বিভিন্ন ধর্মকে ধারণ ও লালন করে এসেছে।
এদিকে,এক ডাচ সাংবাদিক ভারত সফরে যৌথ সাংবাদিক বৈঠক না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং ভারতের প্রেস স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন। এর জবাবেও ভারত দৃঢ়ভাবে জানায়, এদেশে গণতন্ত্র শক্তিশালী ও সক্রিয়। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরে জর্জ বলেছেন, ৯০ শতাংশেরও বেশি ভোটার অংশগ্রহণ করেছেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল ভারতের গণতন্ত্রের সৌন্দর্য।








