
সোমবার ঘন কুয়াশা ও ধোঁয়াশার চাদরে ঘুম ভেঙেছে রাজধানী দিল্লির। ভোরবেলা থেকেই কুয়াশার দাপটে অনেক জায়গায় দৃশ্যমানতা কমে গিয়েছে।
ফলে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বিমান পরিষেবাও বিঘ্নিত হচ্ছে। শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশের আগ্রা, বরেলি এবং পাঞ্জাবের ভাতিন্ডার মতো শহরগুলিতেও সোমবার সকালে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতি এ রকমই থাকবে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার কারণে রানওয়েতে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ওঠানামার জন্য বিশেষ ক্যাট ৩ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।
এর ফলে পাইলটরা ঘন কুয়াশাতেও নিরাপদে বিমান অবতরণ করতে পারেন। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে যাতে তাঁরা নিজেদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিমানের সময় জেনে নেন। স্পাইসজেট-সহ বেশ কিছু বিমান সংস্থা যাত্রীদের আগাম সতর্কবার্তা দিয়েছে। যাতে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছনোর আগে ফ্লাইটের সময় চেক করে নেন।
