
সরকার দ্রুত দিল্লির ধাঁচে নতুন মদনীতি চালু করতে চলেছে কেরালায়। তারজন্য দোকানদার পিছু আড়াই লাখ টাকা করে জমা করার জন্য হোয়াটসঅ্যাপে অডিও মেসেজ ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।
অডিও মেসেজে শোনা গিয়েছে, সরকার জনগনের দাবি মেনে মাসের প্রথম দিনটি আর ড্রাই-ডে হিসাবে চালু রাখবে না। এছাড়া আইটি পার্কগুলিতে বিয়ার পাব খোলার অনুমতি দিতে চলেছে সরকার। হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক-সহ নানা সামাজিক মাধ্যমে সেই অডিও মেসেজ ছড়িয়ে পড়ায় হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। বিরোধীরা অভিযোগ করছে, দিল্লির মতো ব্যবসায়ীদের স্বার্থে মদনীতি চালু করতে চাইছে কেরালা সরকার। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেরালার আবগারি মন্ত্রী এমভি রাজেশ রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে ওই অডিও ক্লিপ নিয়ে তদন্ত করতে বলেছেন। রবিবার পুলিশ প্রধান ওই তদন্তের ভার কেরালা পুলিশের বিশেষ সেলকে দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, এখনই অডিও মেসেজের ভিত্তিতে কোনও এফআইআর করছে না। অডিও মেসেজটির সত্যতা অনুসন্ধান করার পর পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
