
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে দিল্লির তুর্কমান গেট এলাকা। বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েছে পুলিশ।
তাদের লক্ষ্য করে ইট, পাথর ছুড়ে মারার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের ঘায়ে আহত হয়েছেন কমপক্ষে চার-পাঁচ জন পুলিশকর্মী। দিল্লি হাইকোর্টের নির্দেশে তুর্কমান গেট এলাকার কিছু অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েছিলেন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্তারা। সঙ্গে ছিল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এই অভিযান শুরু হয়। ১৭টি বুলডোজার নিয়ে যাওয়া হয়েছিল। ওই এলাকায় পুলিশ ব্যারিকেড বসানো হয়। সংবাদসংস্থা সূত্রে খবর, ভাঙার কাজ শুরু হতেই ওই এলাকায় অনেকে জড়ো হন। ওই অবৈধ নির্মাণ ভাঙা যাবে না বলে দাবি তোলেন তাঁরা। তবে সেই দাবি না-মেনে বুলডোজার চালু হতেই শুরু হয় অশান্তি। পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তেজিত জনতা এগিয়ে যায় ঘটনাস্থলে। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা। ভিড়ের মধ্যে থেকে উড়ে আসতে থাকরে ইট, পাথরের টুকরো। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় আরও বেশি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
বুধবার ভোর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা থমথমে।এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
