
সাইবার দুর্নীতির মামলার তদন্তে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সাইবার দুর্নীতি মামলায় দিল্লির বিজওয়াসন এলাকায় গিয়েছিল ইডির একটি দল।
অভিযোগ, ওই মামলায় অভিযুক্ত এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করার সময় আচমকা ইডি আধিকারিকদের উপরে হামলা চালায় অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যরা। ইডি আধিকারিকদের উপরে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ইডির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ঘটনাস্থলে পাঁচ জন অভিযুক্ত ছিলেন। তাঁদের মধ্যে এক জন পলাতক। মারধরের জেরে ইডির এক অতিরিক্ত ডিরেক্টর আহত হয়েছেন। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, একটি মোবাইল অ্যাপের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই তদন্তের সূত্রেই ওই চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক শর্মার বাড়িতে হানা দিয়েছিল ইডি। তল্লাশির পর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলার সময়ে হঠাই অশোক এবং তাঁর পরিবারের সদস্যেরা তদন্তকারীদের উপরে ঝাঁপিয়ে পড়েন। পলাতক একজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, মাদক কেলেঙ্কারিতে নাম জড়ানোর ভয়ে ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন মুম্বইবাসী এক বৃদ্ধা। বৃদ্ধাকে হোয়াটস অ্যাপ কলে ভয় দেখিয়ে আর্থিক প্রতারণা করে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।
