
দিল্লিতে দূষণের মাত্রা মারাত্মকের গণ্ডি ছাড়িয়েছে। রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স পেরিয়েছে ৪০০-র সীমা।
বুধবার সকাল থেকে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁও ও ফরিদাবাদে লক্ষ করা গিয়েছে ঘন ধোঁয়াশার স্তর। যার জেরে সকাল ৭টা থেকে দিল্লি নামতে পারেনি ৭টি বিমান। যেগুলির মধ্যে ছটিকে জয়পুর ও একটিকে লখনউয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, দিল্লির দূষণ মারাত্মক মাত্রায় পৌঁছলেও তুলনামূলক ভাবে কিছুটা ভাল জায়গায় নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁওর মতো পার্শ্ববর্তী শহরগুলি। সেখানে দূষণ খারাপ মাত্রায় রয়েছে। এরমধ্যে ফরিদাবাদের অবস্থা অবশ্য বাকিগুলির তুলনায় ভাল। সেখানে এখনও পর্যন্ত দূষণ মধ্যমানে রয়েছে। দিল্লির এই পরিস্থিতি অবশ্য আচমকাই এতটা খারাপ হয়েছে তা নয়। গত মাসের শেষেই দেখা যায় শীতের মরশুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের গুণমান সূচকও কমছে হু হু করে।
পরিস্থিতির মোকাবিলায় দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাজি উৎপাদন, বাজি সঞ্চয়, বিক্রি এবং পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে।





