২৬ জানুয়ারি মধ্যে আর জি করের দোষীদের ফাঁসির দাবি 

0
173
২৬ জানুয়ারির মধ্যে আর জি করের ঘটনায় প্রকৃত দোষীকে ফাঁসির সাজা দিতে হবে। উত্তর কলকাতার স্টার থিয়েটারে আয়োজিত প্রথম কনভেনশনে এমনই দাবি করেছেন শাসকপন্থী জুনিয়র ডাক্তারেরা।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে এই কনভেনশনে হাজির ছিলেন বেশ কিছু সরকারি চিকিৎসকও। পাশাপাশি হাজির ছিলেন অধ্যাপক শিবাজীপ্রতিম বসু ও অধ্যাপক মনোজিৎ মণ্ডল। সংগঠনের তরফে আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী জানান, কয়েকটি কর্মসূচিকে সামনে রেখে তারা আগামী দিনে এগোবেন। তবে তার আগে তাদের দাবি প্রসঙ্গে বিস্তারিত জানান সংগঠনের মুখপাত্র সৌরভ দাস। প্রথম দাবিতে বলা হয়েছে, সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক। যে বা যারা দোষী তাদের ফাঁসি হোক। দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, যে কোনও আন্দোলন চলতে পারে, কিন্তু কোনও পরিস্থিতিতে রোগী পরিষেবা যেন ব্যাহত না হয়। তৃতীয়ত, অন্য কোনও চিকিৎসক সংগঠনকে যদি রাজ্য বা কলেজ স্তরে কমিটিতে রাখা হয় বা স্বাস্থ্য ভবনের কমিটিতে রাখা হয়, তা হলে সমসংখ্যক প্রতিনিধি তাদের সংগঠনের থেকেও রাখতে হবে। চতুর্থত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
পঞ্চমত, অভয়া বা তিলোত্তমার নামে যে টাকা তোলা হয়েছে সেই তহবিলের তদন্ত করতে হবে। ষষ্ঠত, অভয়ার নামে আর জি করে চেস্ট ডিপার্টমেন্টের একটি ওয়ার্ডের নামকরণ করার দাবিও করেছেন জুনিয়র চিকিৎসকেরা।
ছবি  সৌজন্যে : নিজস্ব