
দোল উৎসবে শোকের ছায়া বলিউডের মুখার্জি পরিবারে। শুক্রবার ঘুমের মধ্যেই প্রযাত হয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা, রানি-কাজলদের কাকা বর্ষীয়ান অভিনেতা, পরিচালক, প্রযোজক দেব মুখোপাধ্যায় । জানা গিয়েছে , বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার দরুণ হাসপাতালে ভর্তিও ছিলেন। শুক্রবার নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বযস হয়েছিল ৮৩বছর।
এদিন বিকালেই মুম্বাইয়ে পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। ১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তর প্রদেশের কানপুরে জম্ম হয় দেব মুখোপাধ্যাযে। বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিও-র মালিক। লভ ইন সিমলা-র মতো উল্লেখযোগ্য ছবি প্রযোজনা করেছিলেন তিনি। দেব মুখোপাধ্যায়ের মা সতীদেবী অভিনেতা অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন।
দেবের দাদা ছিলেন কাজলের বাবা সমু মুখোপাধ্যায়। আঁসু বান গয়ে ফুল, কিং আঙ্কেল, কামিনে এবং ম্যায় তুলসী তেরে অঙ্গন কি এর মতো ছবিতে অভিনয় করেছিলেন দেব। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
