
বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ চলছে বৃহস্পতিবারও। সকালেই সেখানে বুলডোজার নিয়ে পৌঁছে গিয়েছেন ভাঙার দায়িত্বপ্রাপ্ত পুরকর্মীরা।
মঙ্গলবার রাত থেকেই ৯৭ নম্বর ওয়ার্ডের ওই হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ শুরু হয়েছিল। বুধবারও চলেছিল কাজ। স্থানীয়দের একাংশের দাবি, মাসখানেক আগে ওই ফ্ল্যাটবাড়িতে ফাটল দেখা দিয়েছিল। তার পর থেকেই বিপজ্জনক ভাবে হেলে পড়েছিল বাড়িটি। ১৭ ডিসেম্বর শুরু হয় বাড়ি সোজা করার প্রক্রিয়া। সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে হঠাৎই হেলে পড়তে শুরু করে ওই ফ্ল্যাটবাড়ি। বাসিন্দাদের অভিযোগ, বছর ১০-১২ আগে জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল। চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ প্রসঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, এই বাড়ির আদৌ কোনও অনুমোদন প্রাপ্ত প্ল্যান রয়েছে কি না জানা নেই ।
