সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস দুর্ঘটনায় বিভাগীয় তদন্ত

0
413
সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত করবে দক্ষিণ-পূর্ব রেল। ট্রেনটির চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে। এমনটাই জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ।
তিনি আরও বলেছেন, সকালে ভোর সাড়ে ৫টা নাগাদ সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেসের দু’টি কামরা এবং একটি পার্সেল ভ্যান খড়্গপুর ডিভিশনে নলপুরের কাছ দিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত হয়েছে। যাত্রীদের কারও বড় কোনও আঘাত লাগেনি। হতাহতের কোনও খবর নেই। পাশাপাশি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ১০টি বাস এবং একটি লোকাল ট্রেনের বন্দোবস্তও করে রেল। দক্ষিণ-পূর্ব রেলের এজিএম সৌমিত্র মজুমদার জানিয়েছেন, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই রেলের অগ্রাধিকার।
তার পর লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে লাইন মেরামতির কাজ হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল বা তার সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর রেল সূত্রে।
ছবি  সৌজন্যে : নিজস্ব