
উত্তরপ্রদেশেই অপরাধ জগতের হাতেখড়ি হয়েছিল কৃষ্ণনগরে ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিং-র।পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি যুবকের পরিবারের সদস্যদের হাত ধরেই অপরাধ জগতে পদার্পণ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দেশরাজ সিং এর বাবা রঘুবিন্দ প্রতাপ সিং বিএসএফ এ কর্মরত। কিন্তু রঘুবিন্দ প্রতাপ সিং জ্যাঠতুতো দুই ভাই দঙ্গল সিং ও মঙ্গল সিং দেওরিয়া এলাকার রাউদি অর্থাৎ কুখ্যাত দুষ্কৃতী। উত্তরপ্রদেশে যে বাহুবলী কালচার চলে সেই কালচারে অভ্যস্ত তারা। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে তারা। এমনকি দেশরাজ বাড়ি ফিরলেই তার এক ভাই নিতীন প্রতাপ সিং এর সঙ্গে দেওরিয়া এলাকায় মস্তানি করত বলেও অভিযোগ। পরিবার থেকেই মস্তানি ও দাদাগিরির শিক্ষা পাওয়ায় কাচড়াপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনার সময় সেখানেও সহপাঠীদের মারধর করত।
সেই কারণেই তাকে স্কুল থেকে বহিস্কার করা হয়। এরপর এলাকার সমাজ বিরোধীদের সঙ্গে মেলামেশা শুরু করে। তাদের কাছে থেকেই আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল বলে মনে করছে পুলিশ। খুনের ঘটনায় তিন দিন পার হয়ে গেলেও এখনো অধরা অভিযুক্ত দেবরাজ সিং।








