ডেজিগনেটেড ব্যাটার : ক্রিকেটে বেসবলের ছোঁয়া

0
106
ছবি সৌজন্যে : এক্স

ক্রিকেটের ব্যাকরণ বদলে দিতে এবং আধুনিক উদ্ভাবনী নিয়ম প্রবর্তনে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ,বিবিএল। সেই ধারাবাহিকতায় টুর্নামেন্টের আগামী ১৬তম আসরে যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক ধারণা, ডেজিগনেটেড ব্যাটার ও ফিল্ডার।

মূলত বেসবলের কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে এই নিয়মটি প্রবর্তন করা হচ্ছে, যা নিয়ে বেশ কয়েক বছর ধরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্দরমহলে আলোচনা চলছিল। নতুন এই নিয়মের অধীনে দলগুলো তাদের মূল একাদশে এমন একজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করতে পারবে, যিনি কেবল ব্যাটিংয়ের দায়িত্ব পালন করবেন। ডেজিগনেটেড ব্যাটার হিসেবে খেলা সেই ক্রিকেটারকে ফিল্ডিং বা বোলিংয়ের ধকল সইতে হবে না।তবে এর বিনিময়ে দলটিকে একাদশের বাইরে একজন অতিরিক্ত ফিল্ডারের নাম ঘোষণা করতে হবে।ওই ফিল্ডার পুরো ম্যাচে ফিল্ডিং কিংবা উইকেটকিপিং করতে পারলেও কোনো ওভার বোলিং করতে পারবেন না।অবশ্য কোনো দল চাইলে প্রথাগত নিয়ম অনুযায়ী আগের মতোই সাধারণ একাদশ নিয়ে খেলার সুযোগ পাবে।ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই নিয়মটি বিশেষ করে বয়স্ক ও চোটপ্রবণ ব্যাটসম্যানদের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে কার্যকর ভূমিকা রাখবে।

পাশাপাশি তারকা ক্রিকেটাররা যারা জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ফিল্ডিংয়ের অতিরিক্ত ধকল এড়াতে চান, তাদেরও এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলতে উৎসাহিত করবে।ঘরের মাঠে অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজের ক্লান্তি কাটাতে অনেক সময় তারকারা বিগ ব্যাশ থেকে বিরতি নেন,নতুন নিয়ম সেই শূন্যতা পূরণে সহায়ক হতে পারে।