
ভোটপ্রচারে অনুপ্রবেশ ইস্যুতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট হুঁশিয়ারি বারবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র গলায়। ক্ষমতায় আসার পর কার্যত সেই ভাষাই বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিএসএফকে জমি হস্তান্তরের পরেই শুভেন্দু অধিকারী বলেছেন অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট কার্যকর হবে এরাজ্যে। বুধবার নবান্ন সভাঘর থেকে সরাসরি মুখ্যমন্ত্রী বলেছেন যাঁরা সিএএ-র অন্তর্ভুক্ত নন, তাঁরা অনুপ্রবেশকারী। তাঁদের রাজ্য পুলিশ গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দেবে। এরপর তাদের দেশ থেকে বার করে দেওয়া হবে। এই আইন বুধবার থেকেই কার্যকর হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে রাজ্যের কাছে আগেই জমি চেয়েছিল বিএসএফ। কিন্তু তোষণের রাজনীতির জন্য তা দেওয়া হয়নি।







